আমার একটি গল্প ছিল,হৃদয় মাঝে রাখা;
কবিতারই রংতুলিতে রংধনু সেই আঁকা।
সাদার এমন ক্যানভাসে যেই বিষাদ আভাস আসে,
নীলের আকাশ হাতছানি দেয় আঁচড় রেখার পাশে।
জলের ছাপে ধূসর রেখা যখন ছুটে যায়,
মাটির পরম মমতাতে পুঞ্জিত হয় কায়।
সবুজ রঙের সমারোহে ঝোপের স্বরূপ জাগে,
বিন্দু খানিক তীক্ষ্ণ হলো পাখির অনুরাগে।
কালো সবুজ মিশে গিয়ে দিগন্তরূপ আঁকে,
তুলির আঁচড় দীর্ঘ হলো গ্রামীণ নদীর বাঁকে।
খানিক বাদল সাঙ্গ হলো,জাগছে এবার রোদ,
দূরের মাঠে ছেলের দলে করছে যে আমোদ।
চড়ুই ভিজে ছন্নছাড়া, কাক তো ঝাঁকায় শির,
গৃহস্থ যে ফিরছে ঘরে,চলন তাহার ধীর।
একি–আকাশ মাঝে শরৎ মেঘও বিস্ময়ে রয় থ,
রামধনুকের চলন সে পথ ফিরছে হয়তো।
মেঘরা আসে দীর্ঘশ্বাসে গল্প তারও ছিল,
যায় হারিয়ে, দূর আশাতে,কলম তাহায় নিল।
এমন গল্প শুনবে না কেউ, হৃদয় মাঝে রাখা,
থাক না কিছু গল্প এমন দুঃখ দিয়ে ঢাকা।
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
Comments
Post a Comment